শিরোনাম

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। আজ সোমবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং প্রকৌশলী ময়নুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক রাকিন নাওয়ার।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, চারুকলার বহু শিক্ষক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত। বর্ষবরণ উদ্যাপনসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে চারুকলা অনুষদ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ-অভ্যুত্থান ও ২৪-এর গণ-অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে চারুকলা অনুষদ অনন্য ভূমিকা রেখেছে। যেকোন গণতান্ত্রিক আন্দোলনে চারুকলার এই ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্তির ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিবছর এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্যোমী ও পরিশ্রমী করে তোলে। তিনি শিক্ষার্থীদের শৈল্পিক কাজ বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে ১৩জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,আনোয়ারুল হক পুরস্কার, সৈকত কুমার মিস্ত্রী, নিহা রানী দাস, মোছা. মোমেনুন নেছা সুরমা, অভিজিৎ চন্দ্র দে, তাসনিম তারেক তূর্ণা, মো. ফাহিম চৌধুরী, আল-ফুরকান নয়ন, নৈঋতা পাল কৃষ্ণা, মং সোনাই রাখাইন, দেবাজ্যোতি বর্ষণ, শাশ্বত মজুমদার কাব্য,প্রিয়াস দাস।
উল্লেখ্য, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বিএফএ এবং এমএফএ-এর ৭২জন শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।