শিরোনাম

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
আজ সোমবার মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। এ সময় মন্ত্রী বাংলাদেশের শিক্ষা ও অন্যান্য খাতে চীনের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এ লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
বৈঠকে শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন।