বাসস
  ২৩ জুন ২০২৬, ১৬:২৬

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

ছবি : বাসস

ঝিনাইদহ, ২৩ জুন, ২০২৬ (বাসস) : ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে আজ মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে কাজ করতেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফেরেন।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান। পথিমধ্যে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌছালে মাটি বোঝাই একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. উমা ইসলাম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত কামরুজ্জামানকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বাসস’কে বলেন, এখনো কেউ এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।