বাসস
  ২০ জুন ২০২৬, ১৯:১৪

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ১ 

সাতক্ষীরা, ২০ জুন ২০২৬ (বাসস): জেলার শ্যামনগর উপজেলায় আজ মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নূর হোসেন গাজী (৪০) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ শনিবার দুপুরে শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন গাজী জেলার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে নূর হোসেন গাজী দক্ষিণ কদমতলা এলাকায় মালঞ্চ নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাঙ্গায় আনার পর তার মৃত্যু হয়। 

এ সময়ে নদীর পাড়ে অবস্থানরত দক্ষিণ কদমতলা এলাকার হাসান গাজীর ছেলে জহির হোসেন বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।