শিরোনাম

ময়মনসিংহ, ২০ জুন ২০২৬ (বাসস): জেলার ফুলপুর উপজেলায় আজ মাদক সেবনের দায়ে স্বপন মিয়া (২০) নামের একব্যক্তিকে একবছরের কারাদণ্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের গড় পয়ারী গ্রামে অভিযানকালে এ দন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ।
দন্ডপ্রাপ্ত স্বপন মিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের গড় পয়ারী গ্রামের হাসিম উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের গড় পয়ারী গ্রামে স্বপন মিয়া মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। এ ঘটনায় স্থানীয়রা স্বপন মিয়াকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত স্বপন মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’র ৩৬ (১) ধারায় একবছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম মিয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
খবরের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।