বাসস
  ২০ জুন ২০২৬, ১৭:৪২

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

নারায়ণগঞ্জ, ২০ জুন, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ট্রাকচাপায় দুলাল মিয়া (৫৮) নামের এক রিকশা ভ্যানচালক নিহত হয়েছেন। 

আজ শনিবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার মনির মিয়ার ছেলে। তিনি রাজধানীর ডেমরা এলাকার ডগাইরে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রেফ্রিজারেটরের ভাঙারি মালামাল বোঝাই রিকশা ভ্যান নিয়ে দুলাল মিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে চর সৈয়দপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক দুলাল মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।