শিরোনাম

গোপালগঞ্জ, ২০ জুন ২০২৬ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় আজ নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ শনিবার কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ‘২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’ -এর আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক নিবন্ধিত জেলেদের মধ্যে এসব বকনা বাছুর বিতরণ করেন।
এ সময় ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’র পরিচালক খাইরুল ইসলাম পাভেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাঁড়িয়া ও সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা প্রকৌশলী সফিউল আজম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজসহ স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত ৬০ জন জেলের মধ্যে জনপ্রতি একটি করে মোট ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের ফলে জেলেরা মাছ ধরার পাশাপাশি গবাদিপশু পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।