শিরোনাম

টাঙ্গাইল, ২০ জুন, ২০২৬ (বাসস) : জেলার মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে আজ বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার অরনখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধুপুর উপজেলার অরনখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামের গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে একটি ছাগল পরিত্যক্ত সেফটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। পরে ছাগলটিকে উদ্ধার করতে প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধারের জন্য একে একে আরও ৩জন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বের হয়ে আসেননি।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর হক বাসস’কে জানান, পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।