বাসস
  ২০ জুন ২০২৬, ১৬:০১

পিরোজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

পিরোজপুর, ২০, জুন,২০২৬ (বাসস) : জেলার মঠবাড়িয়া উপজেলায় পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত দুই সহোদর খাগড়াছড়ি জেলার মো. মহসিন মিয়ার ছেলে।

গত ঈদুল আযহার সময় তারা মঠবাড়িয়ায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল বিকালে শিশু দুটি নানাবাড়ির উঠানে খেলা করছিল। সন্ধ্যার দিকে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এর একপর্যায়ে বাড়ি সংলগ্ন পুকুরে তাদের ভেসে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, শিশু দুটিকে নিয়ে আসার পরে পরীক্ষা-নিরীক্ষার পরে নিশ্চিত হওয়া গেছে হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

মডবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিাশ্চিত করে বাসস’কে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।