বাসস
  ১৩ জুন ২০২৬, ১৬:৩৬

গৌরনদীতে পিআইবির ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

ছবি : বাসস

ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : বরিশালের গৌরনদীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের জন্য ‘এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে গৌরনদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে পিআইবি’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণের সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিউজ কনসালটেন্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর খোন্দকার কাওছার হোসেন, পিআইবি’র প্রশিক্ষক আরিফুল ইসলাম আরমান।

এ ছাড়া সাংবাদিকদের মধ্য থেকে কর্মশালায় বক্তব্য রাখেন- গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির ও জামাল উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ইতিবাচক ব্যবহার এবং অপতথ্য প্রতিরোধে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকরণের কৌশল ও প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিন দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় গৌরনদী উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।