বাসস
  ০৯ জুন ২০২৬, ১৮:৪০

আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জগুলো জানতে চায় যুক্তরাজ্য

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। ফাইল ছবি

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস): বর্তমানে দেশের আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জগুলোর অবস্থা জানতে চেয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিরা। 

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন। 

বৈঠকে বাংলাদেশের আমলাতন্ত্রের বর্তমান অবস্থা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। 

নেইল গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য শাহনাজ করিম ও এশিয়া ফাউন্ডেশনের বিএসইএ টিম লিডার সারা এল টেইলর বৈঠকে উপস্থিত ছিলেন। 

সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে যুক্তরাজ্য সরকার ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

এ সময় ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য শাহনাজ করিম বর্তমানে দেশের আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে চান।

বর্তমান প্রশাসনের চ্যালেঞ্জসমূহ উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনীতিকরণ ও দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করে। ফলে প্রশাসন তার গৌরব ও জৌলুস অনেকাংশে হারিয়ে ফেলে। 

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সরকারও যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায়। 

এ সময় উপদেষ্টা সরকারি কর্মকর্তাদের ‘ম্যানেজিং এ্যাট দ্যা টপ’-এর আদলে যুক্তরাজ্যে ট্রেনিংয়ের প্রস্তাব করলে এবং বিপিএটিসিসহ আঞ্চলিক ট্রেনিং ইনস্টিটিউটগুলোর অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহায়তা চাইলে প্রতিনিধিদল ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভার্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন ও পরিচালক মো. মনিরুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।