বাসস
  ২১ জুলাই ২০২৬, ১৯:২৫

অডিট রিপোর্টের ব্রডশিট জবাব ২৬ জুলাইয়ের মধ্যে জমার নির্দেশ মাদ্রাসা অধিদপ্তরের

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : ২০২৪-২০২৫ অর্থবছরের অডিট ইন্সপেকশন রিপোর্টের (এআইআর) ওপর গুরুতর ও সাধারণ আর্থিক অনিয়মের ব্রডশিট জবাব আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

আজ মঙ্গলবার অধিদপ্তরের এক নির্দেশনায় এ কথা জানানো হয়।

আদেশে জানানো হয়, শিক্ষা অডিট অধিদপ্তর থেকে প্রাপ্ত ২০২৪-২০২৫ অর্থবছরের অডিট ইন্সপেকশন রিপোর্ট (এআইআর)-এর আলোকে যেসব গুরুতর আর্থিক অনিয়ম চিহ্নিত হয়েছে, সেগুলোর ব্রডশীট জবাব (সফট কপিসহ) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠাতে হবে।

অন্যদিকে সাধারণ আর্থিক অনিয়মের ব্রডশিট জবাব সরাসরি শিক্ষা অডিট অধিদপ্তরে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট সকল প্রকল্প পরিচালক ও প্রতিষ্ঠান প্রধানকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় ব্রডশীট জবাব মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা মেমিস প্রকল্প, মাদ্রাসা শিক্ষকদের শিখন দক্ষতা বৃদ্ধি প্রকল্প, ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প, সিলেট ওসমানীনগরের দারুল উলুম ইসলাহল বানাত ফাজিল মাদ্রাসা প্রকল্প, নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্প এবং গাজীপুরের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিএমটিটিআই) অধ্যক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।