শিরোনাম

রাজবাড়ী, ৭ জুন, বাসস (২০২৬): প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের-আওতায় ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ্ মো. আলী আহসান।
প্রধান অতিথি বলেন, সমাজের প্রান্তিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন জ্ঞান ও কর্মদক্ষতা অর্জন করবেন, যা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তসলিম আরিফ বিশ্বাস এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন তৌফিক ইসলাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন কর্মমুখী বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে তারা ভবিষ্যতে আয়বর্ধক কর্মকা-ে সম্পৃক্ত হয়ে নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।