বাসস
  ০৭ জুন ২০২৬, ১৯:৫১

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ  

সাতক্ষীরা, ৭ জুন, ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৯ লাখ ২৮ হাজার টাকা।

আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, কাঁকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরার সদর উপজেলার চারাবাড়ি নামক স্থান হতে ও কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল একই উপজেলার উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার হিজলদী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত ভারতীয় এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৯ লাখ ২৮ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।