বাসস
  ০৭ জুন ২০২৬, ১৭:৪৭

পিরোজপুরে অনিয়মের দায়ে বেসরকারি হাসপাতালকে জরিমানা 

পিরোজপুর, ৭ জুন ২০২৬ (বাসস): জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে ‘টপটেন জেনারেল হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করেন মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। 

এ সময় অন্যান্যের মধ্যে মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্স -এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৌমিত্র সিনহা রায় উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য বিভাগের অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মঠবাড়িয়া উপজেলার বেসরকারি ‘টপটেন জেনারেল হাসপাতাল’ কার্যক্রম পরিচালনা করে আসছিল। মূল লাইসেন্স পাওয়ার আগেই হাসপাতালটি উদ্বোধন করে সিজারিয়ান অপারেশন সহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম চলছিল। এসব অভিযোগের ভিত্তিতে রোববার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্স-এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৌমিত্র সিনহা রায় জানান, অভিযানকালে বেসরকারি ‘টপটেন জেনারেল হাসপাতাল’ কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া মূল লাইসেন্স দেখাতে পারেনি। লাইসেন্স পাওয়ার আগেই তারা হাসপাতালের কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।