বাসস
  ০৭ জুন ২০২৬, ১৭:০৪

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ 

ছবি : বাসস

শেরপুর, ৭ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা শহরের একটি হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।

এ কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ এবং সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। তিনি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলাসমূহ যথাযথভাবে নিষ্পত্তি এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে গ্রাম আদালতকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। 

সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আয়োজিত এ কর্মশালায় মোট ২৬ অংশগ্রহন করেন।