বাসস
  ০২ জুন ২০২৬, ১৯:৪৮

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

বগুড়া, ২ জুন ২০২৬ (বাসস): জেলার ধুনট উপজেলায় আজ ট্রাকের ধাক্কায় শাকিল হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কে ধুনট উপজেলার মাঠপাড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল হোসেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রসুন শিমুলবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার আত্মীয়ের বাড়ি থেকে মোটর সাইকেল যোগে জেলার ধুনট থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা হন শাকিল হোসেন ও আশিক আহমেদ। পথিমধ্যে দুপুরে মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়ক থেকে ছিঁটকে পড়ে এবং ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। গুরুতর আহত হন আশিক। দুর্ঘটনার পর স্থানীয়রা আশিককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাকিল হোসেনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।