শিরোনাম

ফেনী, ২ জুন, ২০২৬, (বাসস) : সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী খাল খনন কাজ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি খাল খনন কাজের উদ্বোধন করেন।
তিনি বলেন, আমাদের খাল খনন কাজ মাত্র শুরু। আগামী কয়েকদিনের মধ্যে বাজেট অধিবেশন শুরু হবে। ওই বাজেটে বাংলাদেশে নদী-নালা, খাল-বিল, স্কুল-কলেজ, রাস্তাঘাট ও কালভার্টসহ মানুষের উন্নয়নে সব রকমের প্রস্তুতি নেয়া হচ্ছে।
তিনি বলেন, বাজেট অধিবেশন শেষ হওয়ার সাথে সাথে প্রত্যেক ইউনিয়নের রাস্তাঘাট থেকে শুরু করে কোনো কিছু বাকি থাকবে না। আমাদের সৌভাগ্যের বিষয় হলো আমরা বাজেট অধিবেশনের আগে খাল খনন কাজের উদ্বোধন করতে পারছি। পর্যায়ক্রমে আরো কাজ হবে।
২০২৫-২৬ অর্থবছরে মোহাম্মদ আলী বাজার থেকে এলাহীগঞ্জ পর্যন্ত ৫ দশমিক ৭শ ২৫ কিলোমিটার খালটি ১ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৮৭২ টাকা ব্যয়ে খনন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ইউনিয়ন প্রশাসক ইকবাল হোসেন ভূঁইয়া, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন শর্শদি মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার।