বাসস
  ০২ জুন ২০২৬, ১৯:১০

নওগাঁয় মাছের পোনা অবমুক্ত

ছবি : বাসস

নওগাঁ, ২ জুন ২০২৬ (বাসস): জেলার মান্দা উপজেলায় আজ জবই বিল ও পার্শ্ববর্তী বিলসমূহে ২০২৫-২৬ অর্থবছরের মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মান্দা বিলের কোঁচড়া ঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। 

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবু সাঈদ, প্রকল্প পরিচালক শামসুল করিম, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল জানান, ২০২৫-২৬ অর্থবছরে আটশ’ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা এবং দেশীয় প্রজাতির নয়শ’ কেজি মাছের পোনা পর্যায়ক্রমে অবমুক্তকরণ করা হবে। মঙ্গলবার প্রথম ধাপে বিভিন্ন প্রজাতির ৩৫০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।