বাসস
  ০২ জুন ২০২৬, ১৮:৩৪

নেত্রকোণায় মাদক সেবনের অপরাধে ২ জনের কারাদণ্ড

নেত্রকোণা, ২ জুন, ২০২৬ (বাসস) : জেলার দুর্গাপুর উপজেলায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় দুই সহোদরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার আব্দুস ছালামের দুই ছেলে জাহাঙ্গীর (২৭) ও আলমগীর (২৫)।

আজ মঙ্গলবার দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

অভিযান সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ১২টার দিকে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। 

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে রাত আনুমানিক ১২টার দিকে পুলিশের একটি দল পৌর শহরের বুরুঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় ওই দুই ভাইকে হাতেনাতে আটক করে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটকরা আপন ভাই। মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।