শিরোনাম

দিনাজপুর, ২ জুন ২০২৬ (বাসস) : জেলার হিলি সহ প্রায় ১৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় দিয়ে পবিত্র ঈদুল আযহার কোরবানির পশুর চামড়া যাতে অবৈধভাবে ভারতে পাচার না হয়, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে টহল ব্যবস্থা ও নজরদারি জোরদার করেছে।
আজ মঙ্গলবার বিকালে বিজিবি’র দিনাজপুর সেক্টর-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি’র দিনাজপুর সেক্টরের আওতাধীন প্রায় ১৪০ কিলোমিটার সীমান্তে জয়পুরহাট ব্যটালিয়ন (২০ বিজিবি), দিনাজপুর ব্যটালিয়ন (৪২ বিজিবি) ও ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দায়িত্ব পালন করে।
এদিকে, মঙ্গলবার দুপুর আড়াই টায় জেলার হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি’র জয়পুরহাট ব্যটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
বিজিবি সূত্রে জানা যায়, প্রতিবছর ঈদুল আজহার সময় কিছু অসাধু চক্র সীমান্ত পথে কোরবানির পশুর চামড়া পাচারের চেষ্টা করে। এ ধরনের অপতৎপরতা রোধে ঈদের দিন থেকে বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও নজরদারি শুরু করেছে। সীমান্তের স্পর্শকাতর এলাকা ও সম্ভাব্য পাচার রুটগুলোতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এছাড়া, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের সীমান্ত আইন সম্পর্কে অবহিত করা হচ্ছে। এছাড়া জেলার সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও চামড়া পাচারের ক্ষতিকর দিক তুলে ধরে নিয়মিত মাইকিং করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমেও সচেতনতা বাড়ানো হচ্ছে।
চামড়া ব্যবসায়ীদের সঙ্গে পৃথক বৈঠকে বৈধ উপায়ে চামড়া সংগ্রহ ও বাজারজাত করণের বিষয়ে উৎসাহিত করা হচ্ছে। একই সাথে সীমান্ত দিয়ে কোনো ধরনের চামড়া পাচারের চেষ্টা না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
বিজিবি’র জয়পুরহাট ব্যটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, সীমান্তে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং চামড়া পাচারের সুযোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।