বাসস
  ০২ জুন ২০২৬, ১৭:১৫

এলপিজির দাম কমলো

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস): সৌদি আরবের কোম্পানী আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বুধবার বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর ঘোষণা দিয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

ঘোষণা অনুযায়ী, সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা করা হয়েছে।

অপরদিকে অটো গ্যাসের দাম ৮৯ টাকা ৫২ পয়সা থেকে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা করেছে বিইআরসি। তবে সরকারি এলপিজির দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।

এলপিজি ৫.৫ কেজি, ১২ কেজি, ১২.৫ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি ধারণক্ষমতার সিলিন্ডারে বাজারজাত করা হয়।

এখন থেকে বিইআরসি’র গ্রাহক পর্যায়ে গ্যাস ভর্তি সিলিন্ডারের দাম হবে যথাক্রমে ৮৬৪ টাকা, এক হাজার ৮৮৫ টাকা, এক হাজার ৯৬৩ টাকা, দুই হাজার ৩৫৬ টাকা, দুই হাজার ৫১৩ টাকা, দুই হাজার ৮২৭ টাকা, তিন হাজার ১৪১ টাকা, তিন হাজার ৪৫৫ টাকা, তিন হাজার ৯২৭ টাকা, চার হাজার ৭১২ টাকা, পাঁচ হাজার ১৮৩ টাকা, পাঁচ হাজার ৪৯৭ টাকা এবং সাত হাজার ৬৮ টাকা।

গত ৩ মে থেকে কার্যকর হওয়া এলপিজি’র দাম ছিল যথাক্রমে ৮৮৯ টাকা, এক হাজার ৯৪০ টাকা, দুই হাজার ২১ টাকা, দুই হাজার ৪২৬ টাকা, দুই হাজার ৫৮৭ টাকা, দুই হাজার ৯১১ টাকা, তিন হাজার ২৩৪ টাকা, তিন হাজার ৫৫৮ টাকা, চার হাজার ৪৩ টাকা, চার হাজার ৮৫১ টাকা, পাঁচ হাজার ৩৩৬ টাকা, পাঁচ হাজার ৬৬০ টাকা ও সাত হাজার ২৭৭ টাকা।

এদিকে প্রতি টন প্রোপেন ৭৬০ মার্কিন ডলার এবং বিউটেন ৮২০ মার্কিন ডলারে বিক্রির নতুন দাম নির্ধারণ করা হয়েছে।