বাসস
  ০২ জুন ২০২৬, ১৬:৫৭

নেত্রকোণায় নৌকাডুবিতে ২ জনের মৃত্যু 

প্রতীকী ছবি

নেত্রকোণা, ২ জুন, ২০২৬ (বাসস): জেলার পূর্বধলা উপজেলায় নৌকাডুবির ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল সোমবার বিকেলে স্থানীয় চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে ও মনসুর আলীর স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং একই জেলার গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহের ও নুরজাহান দম্পতির মেয়ে নুসরাত (৮)। তারা সম্পর্কে আত্মীয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বাসসকে জানান, সোমবার বিকেল ৪টার দিকে পূর্বধলা থানাধীন বিষম্ভপুর গ্রামের বাসিন্দা একিন আলীর বাড়িতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে বেড়াতে আসা আত্মীয়-স্বজনসহ ৫/৬ জন মিলে স্থানীয় চিকনি বিলে একটি ছোট কাঠের নৌকা নিয়ে ভ্রমণে যান।

তিনি জানান, নৌকায় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত লোক ওঠার কারণে বিলের মাঝখানে নৌকাটি ডুবে যায়। পরে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জমিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অপর রোগী মিম (১২) বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।মিম একই উপজেলার বিষম্ভপুর গ্রামের আসমত আলী ও আফরোজা বেগম দম্পতির কন্যা।

ওসি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। নিহতদের মৃতদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া চলছে।