শিরোনাম

চুয়াডাঙ্গা, ২ জুন ২০২৬ (বাসস): মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও সরবরাহের দায়ে জেলার মুন্সিগঞ্জে এক ফ্যাক্টরিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে জেলার মুন্সিগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, বেকারি, ঔষধ ও জ্বালানি তেলের দোকান তদারকি করা হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ও লেবেল বিহীন পণ্য সংরক্ষণ ও বিক্রি, আয়োডিন বিহীন লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন জায়গায় বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ অনুসারে মো. তারিকুল ইসলামের মেসার্স টি জে ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও আনসার ব্যাটিলিয়নের একটা টিম।