শিরোনাম

শেরপুর, ১ জুন ২০২৬ (বাসস): জেলার শ্রীবরদী উপজেলায় আজ পানিতে ডুবে সিদ্দিক মিয়া (৬) ও হানজালা (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু সিদ্দিক মিয়া জেলার শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের লোকাবর আলীর ছেলে। অপর মৃত শিশু হানজালা একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ডোবায় কলা গাছের ভেলা দিয়ে খেলা করছিল ওই দুই শিশু সিদ্দিক মিয়া ও হানজালা। একপর্যায়ে হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা তাদের খোঁজাখুজি শুরু করলে বাড়ির পাশের ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।