বাসস
  ২১ মে ২০২৬, ০০:৪৫

লন্ডনে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তাদের বৈঠক

যুক্তরাজ্যের লন্ডনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ব্রিটিশ কাউন্সিলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত। ছবি : বাসস

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ব্রিটিশ কাউন্সিলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার যুক্তরাজ্যের লন্ডনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের ‘গ্রোথ মার্কেট’ বিভাগের পরিচালক হ্যারিয়েট গার্ডনার ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস অংশ নেন।

বৈঠকে বাংলাদেশের ইংরেজি শিক্ষার কারিকুলাম পরিমার্জন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাক্রমের মধ্যে সমন্বয় সাধনে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী রূপান্তরের লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের এ প্রস্তাবনা ও সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানান এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল এবং ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।