বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ২২:৩৪

৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের ক্রমবর্ধমান কৃষি চাহিদা মেটাতে রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আজ অনুষ্ঠিত কমিটির ১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রডিন্টর্গ)’ থেকে এই সার সংগ্রহ করবে।

বর্তমান চুক্তির অধীনে এটি ১০ম লট, যার পরিমাণ ৩৫ হাজার মেট্রিক টন (কম-বেশি ১০ শতাংশ পরিবর্তনের সুযোগসহ)।

কমিটি প্রতি মেট্রিক টন ৩৬৮.১৩ মার্কিন ডলার দরে এই ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। সে হিসেবে এই চালানের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা।