বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ২০:০৪

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

বগুড়া, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় হাসেম আলী (৩৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসেম আলী উপজেলার কালিকাপুর সড়কপাড়া এলাকার ইন্তাজ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাসেম আলী কুন্দারহাট এলাকা থেকে কয়েকটি ফ্রিজ নিয়ে অটোভ্যানে করে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে গিয়ে চাপা পড়ে। গুরুতর আহত হন হাসেম আলী।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।