শিরোনাম

সুনামগঞ্জ, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে উদ্বোধন হলো আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬।
আজ বুধবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসা'র আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা কালচারাল অফিসার আহমেদ মনজুরুল হক চৌধুরী।
উদ্বোধনের পর বিভিন্ন সংগঠন দেশীয় লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, সমসাময়িক নৃত্য, ও কত্থকসহ নানা বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থাপন করা হয়। উৎসবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জের নৃত্যভূমি, সুনামগঞ্জের লোকদল শিল্পী গোষ্ঠী, লোকজ সংগীত বিদ্যালয়, নৃত্যাঙ্গণ, বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্র, অয়নৃত্য, সুনামগঞ্জ নৃত্যাঙ্গণ, দিরাই অনির্বাণ নৃত্য নিকেতন, কাঞ্চনশিখা একাডেমি, জগন্নাথপুর ধ্রুবতারা শিল্পীগোষ্ঠী, স্বরবিতান সংগীত নিকেতন ও চারুকলা একাডেমি, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ, বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ, শ্রীমঙ্গল নৃত্যালয়, সুনামগঞ্জ কালচারাল ফোরাম, সুন্দরম শিল্পীগোষ্ঠী, সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র, নৃত্যম নৃত্যালয়, একতা নাট্য সংস্থা, অঞ্জলী নৃত্য নিকেতন, ছাতকের নৃত্যকলি, নটরাজ নৃত্যালোক, কলি ধামাইল দল, সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকনৃত্য একাডেমি, দিরাই বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদসহ শিল্পকলা একাডেমি সুনামগঞ্জ।