শিরোনাম

নাটোর, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার রাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের আওতায় এই সমাবেশ আয়োজন করে জেলা তথ্য অফিস।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে। দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষকদের জন্যে কৃষি কার্ড প্রবর্তন করা হচ্ছে। সকল নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল শ্রেণী-পেশার নাগরিকের জন্যে কল্যাণকর মানবিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।
এছাড়া হামের টিকা গ্রহন, ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার ব্যাপারে সমাবেশে মতবিনিময় করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। মাঝগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শওকত আলম ও রাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু শামা। সমাবেশে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. আ. আওয়াল।
সমাবেশে বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহন করেন।