বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৭:০০

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

দিনভর বৃষ্টির কারণে নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
 
আজ দুপুর ১২টা পর্যন্ত রেকর্ডকৃত বৃষ্টিপাতে এ তথ্য জানানো হয়। দিনভর বৃষ্টির কারণে নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবর্তক মোড় এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, খালগুলোর রিটেইনিং ওয়াল নির্মাণের জন্য বাঁধ দেওয়া হয়েছিল। তবে, আগাম ভারী বৃষ্টির কারণে পানি জমে যাওয়ায় বাঁধ খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, সেনাবাহিনী এবং সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বাঁধগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করেছি। বাঁধ খুলে দেওয়ার পর থেকে পানি নামতে শুরু করেছে।

নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে মেয়র বলেন, গতকালের পরিস্থিতির জন্য আমরা অত্যন্ত দুঃখিত। যদিও এসব কাজ সিডিএ কিংবা সেনাবাহিনী করছে। তবে চট্টগ্রামের মেয়র হিসেবে আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি।