শিরোনাম

রাজবাড়ী, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বজ্রপাতে সুমন আহম্মেদ ( ৩৭) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ৭ টার দিকে সদর উপজেলার মর্জৎকোল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন আহম্মেদ রাজবাড়ী সদর উপজেলার মর্জৎকোল গ্রামের বাগমারা এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে সুমন তার সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন। এ সময় হালকা বৃষ্টিপাত হচ্ছিল। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে সুমন মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় সুমন আহম্মেদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার শিশু সন্তান সাফিয়ার আহত হলেও এখন সুস্থ আছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।