বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

সিরাজগঞ্জে ডিজেল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২শ লিটার ডিজেল জব্দ করা হয়। ছবি : বাসস

সিরাজগঞ্জ,২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২শ’ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আদালত এই সময় মজুতকারী ডিজেলের মালিক শাহ জামালকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। 

গতকাল সোমবার রাত ১১টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলী পাড়া বাস স্ট্যান্ডের অদূরে পাবনা-বগুড়া মহাসড়কে এই ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

আদালতের বিচারক ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।

আদালত এ সময় জরিমানার ১০ হাজার টাকাসহ জব্দকৃত ১২শ’ লিটার ডিজেল পাশ্ববর্তী উল্লাপাড়া ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত দামে বিক্রি করে বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দেন।

আদালতের বিচারক রায়হানুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এই বিষয়ে বলেন, কোন ব্যক্তি তেল নিয়ে কারসাজি, অবৈধভাবে তেল বিক্রি ও সংকটের সৃষ্টি করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এ সময় গণমাধ্যমকর্মী, উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলীসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।