শিরোনাম

ঝালকাঠি, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস): ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬।
ঝালকাঠি জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
পরে জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। চলে দুপুর ১২টা পর্যন্ত।
সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবীর হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ মো. সানাউল হক, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মাহবুবুল আলম, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে যেন কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম চালু করেছে। এই সেবার মাধ্যমে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সহজেই আইনজীবী, পরামর্শ ও আদালত-সংক্রান্ত সহায়তা পাচ্ছেন।
তারা আরও বলেন, অনেকে এখনো লিগ্যাল এইড সম্পর্কে জানেন না বা কোথায় যোগাযোগ করবেন তা বুঝতে পারেন না। তাই তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ সময় আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমিনা, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) অনুতোষ চন্দ্র বালা, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) রেজওয়ানা আফরীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সোহেল আকন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মো. বায়জিদ রায়হান।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা, রক্তদান কর্মসূচি, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান এবং সেমিনারের আয়োজন করা হয়।