বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১৩:১৬
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৩৮

হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা শহরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : বাসস

হবিগঞ্জ ২৮ এপ্রিল, ২০২৬ ( বাসস): জেলা শহরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে গতকাল (সোমবার) বিকেল ৪টায় শহরের পুরান মুন্সেফ রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বাসস’কে জানান, হবিগঞ্জ শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। সোমবার বিকেলে যৌথ টাস্কফোর্সের অভিযানের সময় ‘মেসার্স হবিগঞ্জ ট্রেডার্স’-এর মালিক এম জিয়াউল মুহিত চৌধুরীকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম হাসানের নেতৃত্বে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম ও সেনাবাহিনীর সমন্বয়ে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করে। 

র‌্যাবের মিডিয়া অফিসার জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।