বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১০:১১
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৩৭

নাটোর লিগ্যাল এইড অফিসে ১৩০টি বিকল্প বিরোধ নিষ্পত্তি 

মঙ্গলবার নাটোরে লিগ্যাল এইড দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত। ছবি: বাসস

নাটোর, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলা লিগ্যাল এইড অফিসে বিগত এক বছরে ১৩০টি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নাটোর সার্কিট হাউজে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন। 

আলোচনায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, লিগ্যাল এইড প্যানেলের সেরা আইনজীবী এডভোকেট বাকী বিল্লাহ, জেলা লিগ্যাল এইড দপ্তর থেকে সেবা গ্রহীতা সুমাইয়া খাতুন প্রমুখ।

স্বাগত বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার ঈষিতা শবনম জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষসমূহের মধ্যে আপোষ মীমাংসার কার্যক্রম অব্যাহত রয়েছে। দাপ্তরিক মধ্যস্থতায় ৬১ লক্ষ ৮৩ হাজার টাকা আদায় করে দেওয়া হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি ছাড়াও বিগত এক বছরে এই দপ্তরের মাধ্যমে বিনামূল্যে ৪২টি মামলার নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। আইনি সুরক্ষা প্রদানের এই কার্যক্রম আগামীতে আরও গতিশীল হবে।

দিবসটি উপলক্ষে সকাল ৮টায় আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর শোভাযাত্রা বের করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও চলছে রক্তদান কর্মসূচি।