শিরোনাম

টাঙ্গাইল, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার ভূঞাপুর উপজেলায় আজ নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল বিক্রির দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট একলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে ভূঞাপুর উপজেলার ফসলান্দি মোড় এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সরকার নির্ধারিত প্রতি লিটার ডিজেল ১১৫ টাকার পরিবর্তে ১৫০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি করে আসছিল মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ এবং জাহিদ এন্টারপ্রাইজ। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং জাহিদ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।