বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ২০:৪৬

বান্দরবানে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

বান্দরবান, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় আজ সিএনজি-চালিত অটোরিকশা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নয়হাজার আটশ’ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় অটোরিকশার চালক জান্নাত উল্লাহ সাঈদকে (২০) আটক করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের পুরাতন বাসস্টেশন এলাকায় অভিযানকালে এসব মাদক উদ্ধার করা হয়।

আটককৃত অটোরিকশার চালক জান্নাত উল্লাহ সাঈদ জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. হাসানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি সদরের পুরাতন বাসস্টেশন এলাকায় তল্লাশি জোরদার করা হয়। এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি সন্দেহভাজন সিএনজি-চালিত অটোরিকশা থামানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো নয়হাজার আটশ’ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশার চালক জান্নাত উল্লাহ সাঈদকে আটক এবং মাদক পরিবহণে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।