শিরোনাম

সাতক্ষীরা, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের টাচ স্কীন ও নেশা জাতীয় উইনকেরেক্স সিরাপ জব্দ করা হয়েছে।
আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, ভোমরা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁশকল চেকপোষ্ট নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনকেরেক্স সিরাপ জব্দ করে।
এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের টাচ স্কীন জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য আনুমানিক একলাখ ৯১ হাজার পাঁচশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।