বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৯:১৪

নোয়াখালীতে দু’টি অবৈধ ইটভাটা বন্ধ, ৪ লাখ টাকা জরিমানা

নোয়াখালী, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে দুইটি ইটভাটা বন্ধ ও মোট চারলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার দুপুরে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের নেয়াজের ডগি ও মহতাপুর গ্রামের মালেক ব্রিকস নামে দুটি ইটভাটা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ঘটনায় প্রতিটি ইটভাটাকে দুইলাখ টাকা করে মোট চারলাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

অভিযানকালে প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী ে জেলা কার্যালয়। 

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।