বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৩
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৯:২৩

বগুড়ায় ঝড়ে পড়া গাছ সরাতে গিয়ে একব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়া, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সারিয়াকান্দি উপজেলায় আজ ঝড়ে উপড়ে পড়া গাছ সরানোর সময়ে ডাল ভেঙে পড়ে দিলবর সরদার (৫৫) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকাল আটটার দিকে সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার নিজবাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিলবর সরদার ওই এলাকার মৃত জালাল সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত সোমবার রাত দুইটার দিকে সারিয়াকান্দি উপজেলায় ঝড়-বৃষ্টি হয়। এতে দিলবর সরদারের বাড়িতে একটি ইউক্যালিপ্টাস গাছ উপড়ে গিয়ে পাশের একটি ঘরের ওপর পড়ে। সোমবার সকালে গাছটি সরানোর জন্য তিনি নিজেই সেটি কাটার কাজ শুরু করেন। একপর্যায়ে গাছ কাটতে গিয়ে তিনি মাটিতে পড়ে যান এবং গাছের একটি ডাল তার ওপর ভেঙে পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন দিলবর সরদারকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পরিবারটিকে ১৫ হাজার টাকা ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।