শিরোনাম

নওগাঁ, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার আত্রাই উপজেলায় আজ কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামের বেদে সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে|
আজ সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়|
এর আগে, সোমবার ভোরে আত্রাই সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে ওই নারী গুরুতর আহত হন|
এদিকে, আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ বেদে পল্লী পরিদর্শন করেছেন নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আত্রাই নদীর তীরে বেদে সম্প্রদায়ের ২৫ থেকে ৩০টি পরিবার পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করে আসছিলেন| সোমবার ভোরে হঠাৎ করে কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হয়|
এ সময় একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়লে তার নিচে চাপা পড়েন তিনমাসের অন্তঃসত্ত্বা নারী আরাফাতুন|
পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়| পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ কাসপাতালে পাঠানো হয়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়|
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে বেদে পল্লীতে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন|