বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৭:২৮

সুনামগঞ্জে মা ও শিশুর পুষ্টি উন্নয়নে অবহিতকরণ কর্মশালা

ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার শান্তিগঞ্জ উপজেলায় আজ মা ও শিশুর পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অণু পুষ্টিকণার ঘাটতি পূরণের লক্ষ্যে ‘মাল্টি সেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’ (মেইন) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের উপ-সচিব মোহাম্মদ নাছির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জসীম উদ্দিন এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. শ্যামল কুমার রায়।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান।

অনুষ্ঠানের শুরুতে ‘মেইন’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন ডা. সুবীর খিয়াং বাবু। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রম এবং বহুখাতভিত্তিক পুষ্টি সমন্বয় বিষয়ে উপস্থাপনা প্রদান করেন হাফিজুল ইসলাম।

বক্তারা বলেন, বায়ো-ফর্টিফাইড জিংক সমৃদ্ধ ধানের প্রসার এবং গর্ভবতী মায়েদের জন্য মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট নিশ্চিত করা গেলে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সকল বিভাগের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।