বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৫৫

নেত্রকোণায় তিন মাদক কারবারি আটক 

নেত্রকোণা, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় একহাজার পিস ইয়াবা, নগদ টাকা ও পিরিমাণ সরঞ্জামসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুরে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটক তিন মাদক কারবারি হলেন জেলার সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সানিয়া আক্তার (২৫)। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় রোববার দিবাগত সোমবার রাত সাড়ে ১২টায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে একহাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ টুম্পা আক্তার, রেজিয়া ও সানিয়া আক্তার নামের তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ৪৬ হাজার ৭৮৫ টাকা, ২ টি পুরাতন ল্যাপটপ, ১২ টি বাটন মোবাইল ফোন, ১ টি স্মার্ট ফোন এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, এ ঘটনায় সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।