শিরোনাম

নেত্রকোণা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে আব্দুল মোতালিব (৪৬) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর ফেরি ঘাট এলাকায় ধনু নদে বরশি দিয়ে মাছ ধরার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত মোতালিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাড়াকান্দি গ্রামের মৃত আব্দুর রহমান ও মোছা. আনোয়ারা খাতুনের ছেলে।
নিহতের সঙ্গে থাকা মুজিবুর রহমান বাসস’কে জানান, আজ সকালে তারা ৩জন একটি সিএনজিযোগে মাছ ধরার উদ্দেশ্যে খালিয়াজুরীর ধনু নদের দিকে রওনা হন। পথিমধ্যে মদনের উচিতপুর ঘাটে স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তারা জগন্নাথপুর গোদারাঘাটে পৌঁছান। সেখানে মাছ ধরা শুরু করার কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। এসময় আব্দুল মোতালিব বজ্রাঘাতে অচেতন হয়ে পড়লে সঙ্গীরা তাকে উদ্ধার করতে এগিয়ে যান এবং তাকে মৃত অবস্থায় দেখতে পান।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান, সংবাদ পাওয়ার পরপরই এসআই মঞ্জুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।