বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৪:৫৩
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৪৫

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন 

ভোলায় খাল খনন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। ছবি : বাসস

ভোলা, ২৭ এপ্রিল, ২০২৭ (বাসস) : প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভোলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর আন্ধির খাল হতে মেঘনা নদীর স্লুইসগেট পর্যন্ত ৪ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। 

জেলা প্রশাসক বলেন, সরকারের এই কর্মসূচি দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইজিপিপি’র মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই ধরনের প্রকল্প কার্যকর অবদান রাখছে। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে এই কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

এ সময় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানের কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বাসস’কে জানান, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তাই আগামী দিনে সরকারের সকল উন্নয়ন কর্মকা- স্বচ্ছতা বজায় রেখে এগিয়ে নেবো।