বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪

লালমনিরহাটে ট্রাকচাপায় শ্রমিক নিহত

প্রতীকী ছবি

লালমনিরহাট, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার আদিতমারী উপজেলায় ট্রাকচাপায় ওয়াসিম মিয়া (৩৫) নামে এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল রোববার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তেতুলতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াসিম মিয়া উপজেলার সারপুকুর ইউনিয়নের জামুরটারী গ্রামের সামসুল হকের ছেলে। তিনি আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মস্থল থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওয়াসিম মিয়া। এ সময় লালমনিরহাট থেকে বুড়িমারীর দিকে যাওয়ার পথে একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে আটক করে এবং চালক সুজনকে পুলিশের কাছে হস্তান্তর করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা বাসস’কে নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।