বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ২১:২৩

শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

ছবি: বাসস

চাঁদপুর, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, তিনি যেভাবে জেলার মধ্যে এই ইউনিয়নে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, তেমনি শিক্ষার্থীদেরও ভালো ফলাফল করে সেরা হতে হবে।

তিনি আরও বলেন, মন ভালো রাখার জন্য তোমাদের খেলাধুলায় অংশ নিতে হবে এবং সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকতে হবে।

আজ দুপুরে জেলার সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নের রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক এ কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, রাজরাজেশ্বর ইউনিয়ন আমার একটি আবেগের জায়গা, কারণ সংসদ নির্বাচনে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি এই ইউনিয়ন থেকে। তিনি আরও বলেন, এই এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করব। বিশেষ করে এই ইউনিয়নটি নদীভাঙন প্রবণ, তাই আমরা নদীভাঙন রক্ষায় চেষ্টা করব। তার আগে জাতির মেরুদ- হিসেবে শিক্ষা উন্নয়নের লক্ষ্যে যা যা করণীয়, আমরা তা করব।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য আজিজ ফারুক বাবু।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, বিএনপি নেতা জয়নাল আবেদীন, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজী, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মাঝি এবং সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদার।