শিরোনাম

নোয়াখালী, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সুবর্ণচর উপজেলায় আজ পুকুরে গোসল করতে নেমে রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু রোকসানা আক্তার ও আফসানা আক্তার সম্পর্কে পরস্পর আপন বোন। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে নানার বাড়িতে থাকত দুই বোন রোকসানা আক্তার ও আফসানা আক্তার। মাদরাসা বন্ধ থাকায় আজ রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খামারের পুকুরে গোসল করতে যায় দুই বোন। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। একপর্যায়ে দু’জনই পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে এক বোনের মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে জাল ফেলে আরেক বোনের মরদেহ উদ্ধার করা হয়।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।