বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৫৭

নারায়ণগঞ্জে বায়ু দূষণকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বায়ু দূষণের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট দেড়লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার দুপুরে সদর উপজেলার ফতুল্লা ও কাঠেরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নূর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে ফতুল্লার সস্তাপুর এলাকার জসিম উদ্দিন নিট কম্পোজিট লিমিটেডকে একলাখ টাকা এবং কাঠেরপুল এলাকার এসআর নিট ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।